খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩০

খুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর চানমারি এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয় ৮টার দিকে সে মারা যায়। নিহত সিয়াম নগরীর চানমারী চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা নগরীর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা খলিলুর রহমান সিয়ামকে পিটিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত- পা এবং ঘাড়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে ।

ইত্তেফাক/নূহু