শুদ্ধ সঙ্গীতের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি একটি জাতীয় সিম্পনি দল গঠনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে শুদ্ধ সংগীত চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় সংগীত আসর-বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের ষষ্ঠ আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
পর পর পাঁচবার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল সংগীত আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠবারের আসর বসার আগে গত অক্টোবরের শেষের দিকে আয়োজক সংস্থা জায়গার সমস্যা দেখিয়ে অনুষ্ঠান না হওয়ার ঘোষণা দেয়। এমন অবস্থায় অর্থমন্ত্রীর হস্তক্ষেপে তবে মাস ঘুরতেই জানা গেল অনুষ্ঠান আয়োজনে ছেদ পড়ছে না, অব্যাহত থাকবে পাঁচ বছরের ধারাবাহিকতায়।
প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী বলেন, এ উৎসবের প্রতিটিতেই উপস্থিত থেকেছি, এটা আমার সৌভাগ্য। এ উৎসবে আমরা পাঁচদিন নৃত্যগীতের মধ্যে অবগাহন করব। আমরা সবার আগে মানুষ হতে চাই, নিজেদের রুচিকে উন্নত করতে চাই। এ উৎসব সে পথেই প্রেরণা জোগাবে।
ইত্তেফাক/আনিসুর
