জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে পৌঁছেছেন। আজ বুধবার ১১টার দিকে রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।
বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে। গত ২০, ২১ ও ২৬ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তি তুলে ধরেন।
গত ১৯ ডিসেম্বর দুদকের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল প্রায় দুই ঘণ্টাব্যাপী যুক্তিতর্ক উপস্থাপন করে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের ৭ বছরের কারাদণ্ড দাবি করেন। এরপর ২০ ও ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তি তুলে ধরেন। তবে তা শেষ হয়নি।
IMG0
এর আগে গত ৫ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দেওয়া বক্তব্য শেষ হয়। আর ২১ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে দাখিল করেন।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
ইত্তেফাক/আনিসুর
