সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’র মিউজিক ভিডিওতে মডেল হলেন তানজিন তিশা। গেল ১২ ও ১৩ ডিসেম্বর গানটির শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।
মিউজিক ভিডিওতে তিশাকে একজন পর্যটকের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে দেখা যাবে নেপালের অভিনেতা নারায়ণ ঢাকালকে।
সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস বলেন, তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভালোলাগা নিয়ে গানটি করা হয়েছে। আশা করছি, ‘কেউ জানুক আর না-ই জানুক’ গানটির মত এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। গানটি শ্রোতাপ্রিয় হলে আমার এ প্রচেষ্টা সার্থক হবে।
‘তোমার আকাশ’ গানটির গীতিকার সোহেল আরমান। সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ইউটিউবে মিউজিক ভিডিওটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানালেন সুস্মিতা আনিস।
ইত্তেফাক/আনিসুর
