স্বল্প সময়ে ও কম খরচে ঝামেলাহীনভাবে আমদানি-রফতানি পণ্য খালাসে বিশেষ বাণিজ্য সুবিধা দিতে ‘অথোরাইজড ইকোনমিক অপারেটর (এইও)’ শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, মূলত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার লক্ষেই এই বিশেষ সুবিধা চালু করা হচ্ছে। দেশের ব্যবসাখাতের ব্যপ্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আমাদের কাস্টমকেও এই ক্রমবর্ধমান খাতের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কাস্টমের আধুনিকায়নে আমাদের কার্যক্রমের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেয়া।
আজ বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘এইও’ সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নজিবুর রহমান বলেন, বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্য সফলভাবে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের পরিধি আরো বাড়াতে এবং সহজতর করতে এইও পাইলট প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে কোম্পানিগুলোকে এইও মর্যাদা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু করবো। আশা করি এইও নিয়ে আমাদের পথচলা সুগম হবে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য আরো এগিয়ে যাবে।
ইত্তেফাক/কেকে
