কোস্ট গার্ডের জন্য ২ টি টাগ বোট ক্রয়ের প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৩১
 
উপকূলীয় অঞ্চলে চোরাচালান, ডাকাতি, মাদক ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য দুটি টাগ বোট ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি। এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বোট দুটি সরবরাহ করার দায়িত্ব পেয়েছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
 
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে অনুমোদিত ক্রয় প্রস্তাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
 
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি টাগ বোট ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ বোট ক্রয়ে ব্যয় হবে ১৪১ কোটি ২০ লাখ টাকা।
 
বৈঠকে ‘বাংলাদেশ রেলওয়ে কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কশিয়ানী-গোপালঞ্জ-টুঙ্গীপাড়া নতুন রেলপথ নির্মান (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৮০ মিটার লম্বা ব্রীজ নির্মাণ কাজের জন্য টার্ণকি ভিত্তিতে বিভিন্ন মালামাল ও শ্রমিক সরবরাহের জন্য চুক্তির অতিরিক্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে তিনি জানান। দরপত্রে ব্যয় ৭৩ কোটি ৫৯ লাখ টাকা ধরা হলেও পাঁচ কোটি ৬৯ লাখ টাকার কাজ বেড়ে তা দাঁড়িয়েছে ৭৯ কোটি ১৮ লাখ টাকা।
 
মোস্তাফিজুর রহমান বলেন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ই-জিপি সিস্টেম পরিচালনা ও বাস্তবায়নের জন্য ডিজিটাইজিং ইমপ্লিমেনটেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডিআইএমএপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন এন্ড ম্যানেজমেন্ট অব ই-জিপি সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক পরামর্শক সেবা সংক্রান্ত ক্রয় চুক্তির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৪ কোটি ১৫ লাখ টাকা।
 
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘রূপকল্প-৩’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘কসবা ১’ এর কূপ খনন এলাকায় একটি গভীর নলকূপ, পাম্প হাউজ ও পাইপ লাইন নেটওয়ার্ক, ক্যারাভান ফাউন্ডেশেন, মাস্টার ড্রেন, প্যালাসাইডিং,,অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন নির্মাণ কাজ সম্পাদনের জন্য সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৬০ কোটি ৬০ লাখ টাকা।
 
এছাড়া ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’ এর আওতায় রূপকল্প-৫ শীর্ষক প্রকল্পের অধীন বেগমগঞ্জ ৩ ওয়ার্কওভার কূপের প্রকিউরমেন্ট অব ড্রিল স্টিম টেস্টিং (ডিএসটি) এর সেবা গ্রহণের জন্য সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেয়ার ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৭৫ লাখ ৮২ হাজার টাকা। বাসস
 
ইত্তেফাক/কেকে