পাঁচ মাসে আয়কর আহরণ বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭
 
চলতি ২০১৭-১৮ করবর্ষের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আহরণ হয়েছে ২১ হাজার ৬৪৬ কোটি টাকার যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬০ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম পাঁচ মাসে আয়কর আহরণের পরিমাণ ছিল ১৮ হাজার ৭২৫ কোটি টাকা।
 
এদিকে ব্যক্তি পর্যায়ে আয়কর বিবরণী দাখিলের পরিমাণও প্রথম পাঁচ মাসে গতবছরের তুলনায় বেড়েছে ৩৬ শতাংশ। এ সময়ে আয়কর বিবরণী দাখিল হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬টি। গত করবর্ষের একই সময়ে এর পরিমাণ ছিল ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭। বর্তমানে দেশে ইকেট্রনিক আয়কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা ৩২ লাখ ৭১ হাজার। 
 
এনবিআর সদস্য (আয়কর প্রশাসন) মো. আব্দুর রাজ্জাক বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, কর প্রদানে উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন পদক্ষেপ ও তথ্য প্রযুক্তির ব্যবহার এবং করবান্ধব পরিবেশ গড়ে তোলার কারণে করদাতারা আয়কর দেয়ায় আগের থেকে বেশি সাড়া দিচ্ছেন। এর পাশাপাশি আাগের তুলনায় কর প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে।
 
আয়কর বিবরণী দাখিলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি আয়কর আহরণের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
 
এনবিআরের এই কর্মকর্তা আরো বলেন, করদাতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মাঠ পর্যায়ে হয়রানি বন্ধ করা হয়েছে। পাশাপাশি যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের যথাপোযুক্ত স্থানে পদায়ন এবং অংশীজনদের মতামতকে অগ্রাধিকার দিয়ে করদাতাদের সঙ্গে কর বিভাগের আস্থার সম্পর্ক তৈরি করা হয়েছে। এসব কারণে আয়কর আহরণ বেড়েছে বলে তিনি মনে করেন।
 
এনবিআর সূত্র জানায়, ২১ হাজার ৬৪৬ কোটি টাকার আয়করের মধ্যে ৪৫৩ কোটি টাকার ভ্রমণ কর রয়েছে। চলতি করবর্ষের প্রথম পাঁচ মাসে ইটিআইএনধারীর সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪। গত করবর্ষের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩। সুতরাং আলোচ্য সময়ে করদাতার সংখ্যা ৭ লাখ ৯৩ হাজার বা ৩২ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে