বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ করণীয় ও একীভূত শিক্ষা বিষয়কে সামনে রেখে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তয়নে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই), বাংলাদেশের কারিগরি সহায়তায় ইনক্লুসিভ এডুকেশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজনে ইনক্লুসিভ এডুকেশন ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মধ্য থেকে সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিআরআরএ-সহ উদ্যোক্তা হিসেবে কাজ করে।
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রাথমিক গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ-জামান প্রধান অতিথি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক মো. শাহ আলম বিশেষ অতিথি ছিলেন। সেমিনারটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা পরিকল্পনা সংশ্লিষ্ট আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহের উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘভুক্ত সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপকমণ্ডলী, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারটিতে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও একীভূত শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিদ্যমান মডেল ও অভিজ্ঞতাসমূহ নিয়ে এসিআইই এর পক্ষ থেকে দুটি উপস্থাপনা পরিবেশনা এবং সহউদ্যোক্তাদের পক্ষ থেকে চারটিসহ মোট ৬টি উপস্থাপনা পরিবেশিত হয় এবং সেই সাথে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এসিআইই সেক্রেটারী জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম তারিক আহসান একীভূত শিক্ষা বিষয়ের বিভিন্ন কার্যকরী মডেল ও আন্তর্জাতিক প্র্রেক্ষাপট” শিরোনামে এবং এর পাশাপাশি ইউনেস্কো- ঢাকা, সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিআরআরএ এর একীভূত শিক্ষা বিষয়ে বিদ্যমান মডেলসমূহের উপস্থাপন করেন।
ইত্তেফাক/ইউবি
