বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা ও ফরিদপুরের আলফাডাঙ্গাসহ বেশ কয়েকটি এলাকায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণ হলো বর্তমান সিইসি নুরুল হুদার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি যতই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন, সেটি জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া কিছুই নয়। তিনি আওয়ামী সরকারের ছায়াঘেরা পথেই হেঁটে নির্বাচন পরিচালনায় নিজ প্রভুদের খুশি করবেন। এর বাইরে তিনি যেতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনারের অধীনে যেকোনো নির্বাচনই ইতিহাসে কলঙ্কমাখা নির্বাচনের স্মারক হয়ে থাকবে।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী।
রিজভী বলেন, বকশীবাজার আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে তিন দিন অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা চালানো হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধাসহ দলের বহু নেতাকর্মীকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
