ভেজাল ওষুধ দেশে আমদানি চক্রের ৩ সদস্য আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩
 
ক্যান্সার প্রতিষেধকসহ জীবনরক্ষাকারী ভেজাল ওষুধ চীনে তৈরি করে দেশে আমদানির করা চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে আটক করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। আটককৃতরা হলেন রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদ। 
 
শুক্রবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।
 
তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় গোডাউন থেকে ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। আটককৃতরা প্রায় সময়ই চীনে যাতায়াত করতেন। সেখানে গিয়ে চাহিদা অনুযায়ী ভেজাল ওষুধ তৈরির অর্ডার দিতেন। ক্যালসিয়াম ক্লোরাইডসহ নিম্নমানের উপাদান দিয়ে নামি-দামি জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হতো। এরপর ইলেক্ট্রনিক্স সামগ্রি আমদানির আড়ালে কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এসব ওষুধ কন্টিনারে করে আমদানি করতো এ চক্র। 
 
মোল্যা নজরুল ইসলাম বলেন, আমরা তাদের কাছে এমটিএক্স, ক্লোমাইড ও রিভোকন নামের তিন ধরনের ভেজাল ওষুধ পেয়েছি। এসব ওষুধ প্রতি পাতা তৈরি এবং আমদানিতে ব্যয় হত ১২ টাকা। যা দেশে প্রতি পাতা বাজার মূল্য দুই থেকে তিনশ টাকা। আর তারা এজেন্টদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করতো। 
 
তিনি আরো বলেন, চক্রটি চায়না থেকে ভেজাল ওষুধ এনে একটি গোডাউনে রাখত। তারপর ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দিত। জীবন রক্ষাকারী এসব দামি ওষুধে ভেজালের ফলে মানুষ চরমপর্যায়ে প্রতারিত হয়েছে। এ চক্রের বিরুদ্ধে কাজ শুরু করেছি, আমরা এটা শেষ করতে চাই।
 
 
ইত্তেফাক/ইউবি