শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের শিক্ষাব্যবস্থাকেও ডিজিটাল করেছে। বিদ্যালয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হওয়ার পর দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এজন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে ঝুকতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
