আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রেওয়াজ অনুযায়ী ৪ জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠনটি। কিন্তু রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনা করে এবার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীতে কোন শোভাযাত্রা করবে না ছাত্রলীগ।
শুক্রবার রাতে ইত্তেফাক অনলাইনকে এই তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী । ওই দিন বৃহস্পতিবার। সপ্তাহের শেষ কর্ম দিবস। তাই ওই দিন যাতে সাধারণ জনগণের যাতে কোন ভোগান্তি না হয়, সে চিন্তা করে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি ৪ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি (শনিবার) আয়োজন করা হবে।
জাকির হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি মাথায় রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যদিনগুলোতে শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই এতো দিনের রেওয়াজ থাকলেও এবার আমরা রাজধানীর রাস্তা বন্ধ করে কোন শোভাযাত্রা করব না। তবে অন্যান্য কর্মসূচীগুলো যথাযথভাবে পালন করা হবে।
এদিকে ঢাকায় শোভাযাত্রা বের করা না হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সারাদেশে শোভাযাত্রাসহ ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি।
উল্লেখ্য, রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যদিনগুলোতে শোভাযাত্রা (র্যালি) না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ছাত্রলীগ। চলতি বছরের ২৪ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এই আশ্বাস দিয়েছিলেন। সেটি এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বাস্তবায়ন করা হচ্ছে।
ইত্তেফাক/রেজা
