বাগেরহাটে ৫০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ২

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:০০
 
বাগেরহাটে পৃথক অভিযানে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী। এসময় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। শনিবার ভোরে এই মাংস জব্দ করা হয়।
 
আটককৃতরা হলেন, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাফর তালুকদার (৪৮) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম রিপন (৪৩)। শরণখোলা উপজেলার উত্তর বকুলতলা গ্রামের ব্যাপারী বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তেতে জানতে পারি দুই ব্যক্তি সুন্দরবন সংলগ্ন বকুলতলা গ্রাম থেকে একটি বস্তায় করে হরিণের মাংস নিয়ে তাফালবাড়ি বাজারের দিকে আসছে। এ সময় পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। একটু পর একটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি দ্রুত যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এসময় ছগির বয়াতি নামের মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও জাফর ও রিপনকে পুলিশ ধরে ফেলে। তাদের কাছ থেকে বস্তাভর্তি ওই ১০ কেজি মাংস জব্দ করা হয়।
 
অপরদিকে- শনিবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন হারবারিয়ার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা থানার মিরগামারি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জবাইকৃত ৪০ কেজি হরিণের মাংস জব্দ করে। এসময় অভিযান দল ১৬ সিএফটি সুন্দরী কাঠ, ৩ সিএফটি গেওয়া কাঠ, ফায়ার উড ২ সিএফটি এবং দেশীয় কাঠের একটি নৌকা জব্দ করে।
 
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক (এক্স) বিএন জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং এই সাফল্য নিয়মিত অভিযানের অংশ। জব্দকৃত হরিণ এবং অন্যান্য মালামাল নান্দাবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান