বাংলা একাডেমির সাধারণ পরিষদের বার্ষিক সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক হাসান শাহরিয়ার সহ সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়েছে। এ সময় বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কারও প্রদান করা হয়।
বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৭ প্রাপ্তরা হচ্ছেন: হাসান শাহরিয়ার ও ইকবাল বাহার চৌধুরী (সাংবাদিকতা), প্রতিভা মুৎসুদ্দি (ভাষা-আন্দোলন, নারী নেতৃত্ব এবং শিক্ষা ও সমাজসেবা), অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ্ (চিকিৎসাবিজ্ঞানের গবেষণা), অধ্যাপক আইনুন নিশাত (পানিসম্পদ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ), ড. নূরুন নবী (মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য), এবং দুলাল তালুকদার (নৃত্যকলা)।
ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক প্রথমবারের মতো প্রবর্তিত সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৭, কবি রুবী রহমান মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৭, অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী ও অধ্যাপক শফিউল আলম সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৭, অধ্যাপক আলী আসগর মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০১৭ এবং জায়েদ ফরিদ উদ্ভিদস্বভাব বইয়ের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ১৪২৪ বঙ্গাব্দ লাভ করেন।
সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-এর অর্থমূল্য ত্রিশ হাজার টাকা।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
IMG0
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ২০১৬-২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৭-২০১৮ সালের বাজেট উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সাধারণ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সারাদেশ থেকে বাংলা একাডেমির ফেলো, জীবনসদস্য এবং সদস্যসহ দুই সহস্রাধিক বিশিষ্টজন অংশগ্রহণ করেন। সাধারণ সভার কার্যক্রম সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।
ইত্তেফাক/জামান
