'মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই অব্যাহত থাকবে'

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:০৫
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এদেশের কৃষক, ক্ষেতমজুর ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি তা তাদের কাঙ্ক্ষিত সুফল না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এ কথাও সত্য আমরা ১৪দলের সরকারের অংশীদার হিসেবে ওই সব মেহনতি মানুষের জন্য যতটুকু করতে সক্ষম হয়েছি তা আশাতীত নয়। তবে বর্তমান সরকারের আমলে বাংলাদেশ বহুদূর এগিয়ে চলেছে।
 
তিনি বলেন, 'বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সামর্থ্য বেড়েছে, তাদের আর অভুক্ত থাকতে হয় না। বাংলাদেশের মানুষ এখন পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়াতে পারে। এবং এটাও সত্য দের বছরের সামরিক শাসন এবং বিএনপি জামায়েত যে তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডবের বিপক্ষে আমরা যে আন্দোলন সংগ্রাম করে এসেছিলাম তার পরিণতিতে ২০০৮ সালে আমরা একটি অভূতপূর্ব বিজয়ের মধ্য দিয়ে এদেশে নতুন যাত্রা শুরু করেছিলাম উন্নয়নের ধারার।'
 
শনিবার দুপুরে ওয়ার্কাসপার্টি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ভূমি অফিস সম্মুখ সড়কে এক পথসভায় পার্টির সভাপতি মন্ত্রী মেনন প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, 'গত ৮ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য বিএনপি-জামায়াত সারাদেশ জুড়ে যে তাণ্ডব করে ছিল এমনকি চাঁদের ভিতর নাকি সাঈদীর ছবি দেখা গেছে একথা বলে আমাদের সাধারণ মানুষদের আমাদের মা বোনদেরকে রাস্তায় নামানো হয়েছিল।'
 
'২০১৪ সালে যখন আমরা নির্বাচন মুখি হলাম সে নির্বাচনকে বানচাল করার জন্য ওই বিএনপি-জামায়াতের আগুনে ঘর পুড়েছিল, মানুষ পুড়েছিল এমনকি যোগাযোগ ব্যবস্থা অস্বাভাবিক করার জন্য রেল লাইন উপড়ে ফেলা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। তা সফল হয়নি। কারণ আমরা জনগণের সহায়তায়, আপনাদের সহায়তায় সে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।'
 
এ সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন ওয়ার্কাসপাটির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফিরোজ আলম, পিরোজপুর জেলা শাখার সংগঠক ও সাবেক ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাওলাদার প্রমুখ।
 
ইত্তেফাক/জামান