ইনজুরি কাটিয়ে পাঁচ মাস পর খেলায় ফিরতে যাচ্ছেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা গ্রেট ব্রিটেনের এন্ডি মারে। আগামীকাল শুরু হতে যাওয়া ব্রিজবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে মারের প্রত্যাবর্তন হচ্ছে- জানিয়েছেন আয়োজক কমিটির ডিরেক্টর ক্যামেরন পিয়ারসন ।
বছরের প্রথম তিন গ্র্যান্ড স্ল্যাম খেলতে পেরেছেন মারে। কিন্তু কোন আসরেরই শিরোপা জিততে পারেননি তিনি। সর্বোচ্চ সাফল্য এক টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেন মারে। উইম্বলডনের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় ঘটে তার। এরপরই নিতম্বের ইনজুরিতে পড়েন মারে। ফলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনসহ বেশক’টি টুর্নামেন্টে অংশ নিতে পারেনি তিনি।
তবে আবারো কোর্টে ফিরতে যাচ্ছেন মারে। ইতোমধ্যেই কোর্টে ফিরেছেনও তিনি। তবে সেটি ছিলো প্রর্দশনী ম্যাচ। আবু ধাবিতে সার্বিয়ার নোভাক জকোভিচের পরিবর্তে খেলার সুযোগ পান । তবে স্পেনের রর্বাতো বাতিস্তা আগুতের কাছে ৬-২ গেমে হারেন মারে।
আবু ধাবিতে প্রর্দশনী ম্যাচ হলেও, ব্রিজবেন টুর্নামেন্টটি অফিসিয়াল। তাই এটি দিয়ে পাকাপাকিভাবে আবারো কোর্টে ফিরবেন মারে। আবু ধাবিতে নিজের খেলা নিয়ে মারে বলেন, ‘দীর্ঘদিন কোর্টে নেমে দারুন অনুভব করেছি। তবে আমার খেলায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ফিট হতে হবে। অবশ্যই শুরুতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। তবে এটা ঠিক দীর্ঘদিন পর খেলতে নামলে এমন সমস্যা হবেই। তবে আশা করছি, সবকিছই ঠিক হয়ে যাবে।’
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। ঐ টুর্নামেন্টকে সামনে রেখেই নিজেকে তৈরি করছেন তিনবার গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে। এমনটাই জানালেন তিনি, ‘আমার আসল লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্ট দিয়ে আবারো নিজেকে পুরনো রুপে ফিরে পেতে চাই। আমার হাতে এখনো অনেক সময় আছে। গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগে নিজেকে পুরোপুরি তৈরি করে ফেলবো।’ বাসস।
ইত্তেফাক/ রেজা
