বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন এদেশে হবে না, হতে দেয়া হবে না। আর সংসদ বহাল রেখেও নির্বাচন মেনে নেয়া হবে না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নির্বাচনে মোতায়েন করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশারফ হোসেন এ সব কথা বলেন। শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত গ্র্যান্ড হল অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, 'আসন্ন নির্বাচনে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতার নামে শত্রুতার সৃষ্টি হচ্ছে। নির্বাচনে মনোনয়ন দেবে দলীয় সভানেত্রী আর মনোনয়ন বোর্ড। কোন নেতার নামে স্লোগান দিয়ে আর গ্রুপিং করে কোন লাভ হবে না। তাই মনোনয়ন নিয়ে দুশ্চিন্তা দূর করতে হবে, নিজেদের মধ্যে মন কষাকষি করে শত্রুতা সৃষ্টির দরকার নেই। তৃণমূলের মতামতের ভিত্তিতে যাকে মনোনয়ন দিলে জয়লাভের সম্ভাবনা থাকবে, তাকেই মনোনয়ন দেয়া হবে। তাই সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যেকার শত্রুতা পরিহার করে ঐক্যবদ্ধ হতে হবে।'
তিনি বলেন, 'বর্তমান অগণতান্ত্রিক সরকারের কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে। আর এ আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে জাতীয়তাবাদী শক্তিকে ঠেকানোর সাধ্য এই সরকারের নেই। তাই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলন সংগ্রামের জন্যও প্রস্তুতি নিতে হবে।'
'বর্তমান সরকার দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণের মাধ্যমে সাধারণ মানুষের সুবিচার পাওয়ার অধিকার হরণ করেছে' বলে দাবী করে ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, 'বর্তমানে বিচারকের ক্ষমতা নেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার কাজ পরিচালনা করার। সরকার যেটা লিখে দিচ্ছে, তাকে সেটাই পাঠ করতে হচ্ছে। এমনকি দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়ার পায়তারা করছে এই অনির্বাচিত সরকার। এখন পরীক্ষার আগেই সকল প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। গণতন্ত্র এখন আওয়ামী লীগের বাক্সে বন্দি।'
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়িকা নুর নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম, সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর মহিলা দলের আহ্বায়িকা রাশিদা জামাল, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আকতার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা রহিমা শরিফ মায়া, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা আয়েশা আকতার দিনাসহ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইত্তেফাক/জামান
