হতাশায় বছর শেষ ম্যানইউর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:২২
হতাশার মধ্য দিয়েই বছরটা শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র’তে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে তিনে নেমে গেছে দলটি। এতে ২১ ম্যাচে ম্যানইউর অর্জন এখন ৪৪ পয়েন্ট। একইদিনে স্টোক সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠে আসে চেলসি। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানসিটি। 
 
ম্যানইউ অবশ্য একাধিক প্রচেষ্টা চালিয়েছে গোলের জন্য। ম্যাচের শুরুর দিকেই রোমেলু লুকাকুর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লুকাকু। ২৮ মিনিটে স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতার শট আটকে দেন অ্যালেক্স ম্যাকার্থি। প্রথমার্ধেই আরো একদফা ব্যর্থ শট নেন জেসে লিনগার্ড।
 
দ্বিতীয়ার্ধেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি হোসে মরিনহোর শিষ্যরা। শেষ দিকে পগবা প্রতিপক্ষের জালে একদফা বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
 
ইত্তেফাক/কেআই