'প্রাথমিকের সহকারী শিক্ষকের বেতন প্রধান শিক্ষকের নিচের গ্রেডে হবে'

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:০০
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড প্রধান শিক্ষকদের নিচের গ্রেডে প্রদান করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষক নেত্রীবৃন্দ এবং শিক্ষা সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, 'বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষক ও শিক্ষার গুণগত পরিবর্তন এবং মান সম্মত শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন।
 
আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা ফজলুর রহমান খান ফারুক, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান