একদিনে ব্র্যাডম্যান-পন্টিংকে ছুঁলেন স্মিথ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪
অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ-এর শত রানের সুবাদেই চলতি অ্যাশেজ সিরিজের ‘বক্সিং-ডে’ টেস্ট ড্র হয়ে গেল মেলবোর্নে। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে খেলতে নেমে মেলবোর্নে জেতার মতো কিছুটা পরিস্থিতি তৈরি হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু টেস্ট জীবনের ২৩তম শতরান করে শনিবার জো রুট-দের অ্যাশেজে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করে দেয় স্মিথ। শনিবার মেলবোর্ন টেস্টের শেষ দিনে ইংল্যান্ড বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলে অপরাজিত ১০২ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন স্মিথ। এ বারের অ্যাশেজ সিরিজে এটি তাঁর তৃতীয় শতরান।
 
এ দিন শতরান করে একসঙ্গে একাধিক রেকর্ডও স্পর্শ করে ফেললেন অস্ট্রেলীয় অধিনায়ক। যার মধ্যে রয়েছে মেলবোর্নে পর পর চার টেস্টে শতরান। যে রেকর্ড এত দিন ছিল একমাত্র ডন ব্র্যাডম্যানের দখলে। এ ছাড়াও এ দিন শতরানের সঙ্গে এক পঞ্জিকা বর্ষে একাধিক বার ছয়টি শতরান করার অনন্য নজির গড়ে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংকেও ধরে ফেললেন তিনি।
শনিবার শেষ দিনে মেলবোর্ন টেস্ট ড্র হয়। সিরিজের শেষ টেস্ট আগামী সপ্তাহে সিডনিতে অনুষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/কেআই