প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেড বস হোসে মরিনহো এই তথ্য জানিয়েছেন। কিন্তু তিনি আশা করছেন মাথার ইনজুরি কাটিয়ে খুব শিগগিরউ মাঠে ফিরে আসবেন রোমেলু লুকাকু।
বার্নলির বিপক্ষে বক্সিং ডে’তে ড্র হওয়া ম্যাচে বিরতির সময় বিশ্রামে চলে যান ইব্রাহিমোভিচ। কিন্তু মূলত কি ধরনের ইনজুরিতে জ্লাতান আক্রান্ত হয়েছে সেটা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মরিনহো। তবে জানিয়ে দিয়েছেন পুরো জানুয়ারি মাস জুড়েই সাবেক এই পিএসজি তারকাকে সাইডলাইনে থাকতে হবে। সাউদাম্পটনের সাথে শনিবার গোলশুন্য ড্রয়ের পরে মরিনহো বলেছেন, ‘জ্লাতান এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে।’
এপ্রিলে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ার কারণে মৌসুমের শুরুতে প্রায় অর্ধেকটা সময়ই বিশ্রামে ছিলেন ইব্রাহিমোভিচ। আবারো নতুনভাবে বিশ্রামে চলে যাওয়ায় মরিনহোর হতাশা প্রকাশ করেছেন। একইসাথে বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু শনিবার সাউদাম্পটনের ডিফেন্ডার ওয়েসলি হোয়েডেটের সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ম্যাচের ১৪ মিনিটেই মাঠছাড়া হয়েছেন। যদিও মরিনহো জানিয়েছেন লুকাকুর ইনজুরি ততটা গুরুতর নয়।
ম্যানচেস্টার ইউনাইটেড টেলিভিশনে মরিনহো বলেছেন, এটাই ফুটবল। এখানে লুকাকুর দূর্ভাগ্যই বলতে হয়। আমি মনে করি ডাচ সেন্ট্রাল ডিফেন্ডার বল নিতে তার কাছে এসেছিল। এটা দুজনের জন্য একটি দুর্ঘটনা। এখানে কেউই আগ্রাসী ছিল না। আশা করছি গুরুতর কিছু হয়নি। কিন্তু মূল কথা হচ্ছে অন্তত দুটি ম্যাচ হয়ত তাকে বিশ্রামে রাখতে হতে পারে।
সোমবার লুকাকুর সাবেক ক্লাব এভারটনের মুখোমুখি হবে ইউনাইটেড। লিগে টানা তিনটি ড্র নিয়ে এই ম্যাচে মাঠে নামবে মরিনহোর শিষ্যরা।
ইত্তেফাক/কেআই
