অবিশ্বাস্য ক্যাচ নিয়ে গেইলকে আউট করলেন ‘উড়ন্ত' ফিলিপস!

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৩
ক্রিকেটে বোলার ও ব্যাটসম্যানদের দাপটের মাঝেও মাঝেমধ্যেই সব আলো কেড়ে নেয় ফিল্ডাররা। আইপিএলে কলিন মুনরোর ক্যাচ বা বিগ ব্যাশে কেন উইলিয়ামসনের ক্যাচ ফিল্ডিংকে নিয়ে গেছে অন্য পর্যায়ে।
 
টি-২০ ক্রিকেট যেখানে ব্যাটসম্যানদের রাজত্ব সে ক্রিকেট ফরম্যাটকে আরও আকর্ষণীয় করে তুলেছে ফিল্ডাররা। এবার অবিশ্বাস্য একটি ক্যাচ নিয়ে শোরগোল ফেলে দিলেন নিউজিল্যান্ডের উইকেটকিপার গ্লেন ফিলিপস।
 
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ১৮৭ রান তুলে স্বাগতিকরা।  ১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বোলার ছিলেন শেঠ র‌্যান্স।  উইকেটটি র‌্যান্স নিলেও গেইলকে প্যাভিলিয়নে ফেরানোর আসল কারিগর কিন্তু কিউই উইকেটকিপার গ্লেন ফিলিপস।
 
র‌্যান্সের বল পুল করলে ব্যাটের কানায় লেগে সেই শট উইকেটের পেছনে যায়। উসাইন বোল্টের গতিতে দৌঁড় দিয়ে প্রায় বাউন্ডারির লাইনের সামনে থেকে বলতে গেলে উড়াল দিয়ে সেই বল তালুবন্দি করেন গ্লেন।
 
ফেসবুকে এই ক্যাচের ভিডিও পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচও এটাকে বলতে শুরু করেছেন অনেকে। ম্যাচটি নিউজিল্যান্ড ৪৭ রানে জিতে নেয়।
 
 
ইত্তেফাক/ রেজা