শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১০ সালে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে বাস্তবায়নের উদ্যোগ নেন। সেই হিসেবে বিখ্যাত বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ড. কুদরত এ খুদা’র প্রণিত শিক্ষানীতিকে তিনি অনুসরণ করেন। এ শিক্ষানীতির ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরো প্রসারিত হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৯৭২ সালের পর বঙ্গবন্ধু ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় অনুমোদন এবং ১ লাখ ৬০ হাজার শিক্ষিত যুবককে শিক্ষকতা পেশায় নিয়োজিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিলো- জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই অনুযায়ী উন্নয়ন কাজ করছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শতভাগ বৃত্তি ব্যবস্থা নিশ্চিত করেছেন।
ঝালকাঠি জেলা প্রশাসক ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুজ্জামান, ঝালকাঠি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মারুফা বেগম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
