মনপুরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৭:০৭

ভোলার মনপুরায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম মোসাম্মদ কারিমা (২০)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা আবদুল হাইয়ের ছোট মেয়ে।

ওই গৃহবধূর বড় ভাই কাউছারের দাবি, নির্যাতন করে তার বোনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে শ্বশুর বাড়ির পক্ষে দেবর সাদ্দাম দাবি করছেন, তার ভাবী অভিমানে আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনার পর থেকে স্বামী মোঃ বেলাল পলাতক।

গৃহবধুর ভাই কাউছার জানান, তার বোন ৪ মাসের অন্তঃসত্ত্বা। যৌতুকের জন্য বোনের স্বামী বেল্লাল তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে থানায় মামলা করবো।

আরও পড়ুনঃ চাটমোহরে শিশু হত্যাচেষ্টার লিখিত অভিযোগ

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী জানান, স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূর পরিবারের পক্ষে কেউ মামলা করেনি। তবে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু