প্রাক্তন স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২২:৩০
 
বগুড়া শহরের মালগ্রামে তালাকপ্রাপ্ত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তার বাবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পিংকি (১৯) নামের ওই তরুণী মালগ্রাম এলাকার বিপ্লবের মেয়ে। প্রাক্তন স্বামী বাড়িতে ঢুকে তাকে খুন করে গেছে বলে পরিবারের অভিযোগ। তবে পুলিশ বলছে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
 
পিংকির বাবা বিপ্লব জানান, ৩ বছর আগে ঠনঠনিয়া এলাকার রুবেলের সাথে বিয়ে হয় তার মেয়ের। রুবেল নেশাগ্রস্ত ছিল, তাই বনিবনা হচ্ছিল না। সে কারণে মাস চারেক আগে রুবেলের সাথে বিয়ে বিচ্ছেদ ঘটে পিংকির। এরপর থেকে বাবা-মায়ের সাথেই থাকতেন তিনি। পরিবারের দাবি, বিয়ে বিচ্ছেদের কিছুদিন পর থেকেই রুবেল এই এলাকায় ঘোরাঘুরি শুরু করে। কয়েক দফা হুমকিও দেয় পিংকির বাবাকে। তবে পুলিশ বলছে, তারা তদন্ত শুরু করেছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে এই হত্যাকাণ্ডে কে জড়িত।
 
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অবিযোগ আমলে নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসল খুনি কে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/আরকেজি