ভারতের লোকসভা নির্বাচনের ভোটের মাঠ এখন সরগরম। ইতিমধ্যেই অনেক বলিউড তারকা ভোট প্রচারে নেমে পড়েছেন। সম্প্রতি ফেসবুকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দু’জনের গলায় গেরুয়া রঙের উত্তরীয় পরা এবং তাতে ইংরেজিতে লেখা ‘বিজেপি এবং মোদিকে ভোট দিন’।
ছবিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘পদ্মফুল চিহ্নের বোতাম টিপে দেশের উন্নয়নের অংশীদার হোন।’ এই ভাইরাল ছবিটি পোস্ট করা হয়েছে ‘এক বিহারি ১০০ পে ভারী’ ফেসবুক পেজে। ফেসবুকের বিভিন্ন পেজে ভাইরাল এই পোস্টের দাবি, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জন্যই ভোট চাইছেন দীপিকা–রণবীর। প্রকৃতপক্ষে ছবিটি নকল। এই ছবিটি এডিট করে পোস্ট করা হয়েছে।
আরো পড়ুন: সেলফি তুললে ৬ মাসের জেল, জরিমানা কোটি টাকা!
তবে ইতিমধ্যেই চার হাজার বার ছবিটি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ছবিটি নিয়ে গুগলে সহজ রিভার্স–ইমেজ সার্চ করলেই, দীপিকা–রণবীরের আসল ছবিটির খোঁজ মিলবে। ছবিটি ২০১৮ সালের ৩০ নভেম্বর তোলা হয়েছিল। বিয়ের পর মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দেন তারকা দম্পতি। তখনই এই ছবিটি তোলা হয়।

বামে ইডিট করা ছবি, ডানে আসল ছবি। (সংগৃহীত)
যেখানে দীপিকার পরনে ছিল অফ হোয়াইট আনারকলি পরেছিলেন আর রণবীরের পরনে ছিল একই রঙের কুর্তা। দু’জনেই গেরুয়া উত্তরীয় ব্যবহার করেছিলেন। তবে তাতে, ‘বিজেপিকে ভোট দিন’ লেখা ছিল না।
রণবীর–দীপিকার সেই ছবিতেই ফটো–এডিট করে ‘বিজেপিকে ভোট দিন’ লেখা বসানো হয়েছে। এরপর ভুয়ো ছবি ইচ্ছাকৃতভাবে ভাইরাল করানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, ছবিটি আদতে ভুয়োই।
