অর্থ পাচারের মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে দেয়া হাইকোর্টের জামিন স্থগিতই থাকছে। একইসঙ্গে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি শুনানির জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এ সময় আপন জুয়েলার্সের মালিকদের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
আপন জুয়েলার্সের তিন মালিককে দেয়া হাইকোর্টের জামিন আদেশ গত ১৮ ডিসেম্বর স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে জামিন দেয়।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে পৃথক পাঁচটি অর্থ পাচার মামলা দায়ের করে। এর মধ্যে তিনটি মামলার আসামি হলেন- দিলদার আহমেদ সেলিম। হাইকোর্ট তাকে একটি মামলায় জামিন দিয়েছিল। বাকি দু'টি মামলার জামিন আবেদন শুনানি এক মাসের জন্য মুলতবি করে হাইকোর্ট। যিনি সাফাত আহমেদের বাবা। সাফাত বনানীর একটি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন।
ইত্তেফাক/এমআই
