নতুন বছরের পহেলা দিনের একটি পার্টিতে গিয়ে ফোন বন্ধ করে হোটেলে ঘুমিয়ে ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিশ্বজিৎ দে (৪৬)। এদিকে তার ফোন বন্ধ পেয়ে পরিবারের তুলকালাম কাণ্ড ঘটে যায়। তাকে অপহরণ করা হতে পারে আশঙ্কা করে পরিবারের লোকজন থানায় গিয়ে হাজির হন। তিনি নিখোঁজ হয়েছেন মর্মে রমনা থানায় একটি জিডি করা হয়। অবশেষে মঙ্গলবার রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানতে পারে পরিবার। পরে বিকালে পরিবারের লোকজন তাকে হোটেল থেকে বাসায় নিয়ে আসেন।
জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা বিশ্বজিৎ দে গত সোমবার সকালে বেইলি রোডের অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন রাতেই বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- ৬৮) করেন। এদিকে মঙ্গলবার বিকালে তার খোঁজ পেয়ে বাসায় নিয়ে আসে পরিবারের লোকজন।
এ ব্যপারে বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব বলেন, বিকাল সাড়ে চারটার দিকে খবর পাই বিশ্বজিৎ হোটেলে অবস্থান করছেন। তারপর আমরা গিয়ে তাকে বাসায় নিয়ে আসি। রমনা থানার ওসি কাজী মাইনুল জানান, নববর্ষের পার্টি করতে ওই হোটেলে সোমবার থেকে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন বিশ্বজিৎ। স্বেচ্ছায় নিজের মোবাইল বন্ধ করে রেখেছিল তিনি।
ইত্তেফাক/এমআই
