বন্ড সুবিধার অপব্যবহার, কোটি টাকার পণ্যসহ ৩ কভার্ডভ্যান আটক

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:৩৩

বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য চোরাই পথে খোলাবাজারে বিক্রি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের প্রিভেন্টিভ দল ডুপ্লেক্স বোর্ড ভর্তি কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-২০৫১০২) আটক করে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় রাজধানীর নয়াবাজার মোড় এলাকায় অভিযান চালায়। পণ্যচালানটি চট্টগাম বন্দর থেকে লোডিং হয়ে ঢাকার ডেমরার মেসার্স স্কাইবিজ ইমপ্লেকস লিমিটেডে খালাস হওয়ার কথা থাকলেও অবৈধভাবে খোলাবাজারে বিক্রির লক্ষ্যে নয়াবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৪১ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা।

অপর একটি প্রিভেন্টিভ দল বৃহস্পতিবার ভোর ৪টায় রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানে ডুপ্লেক্স বোর্ড ও বিওপিপি বোঝাই ২টি কভার্ড ভ্যান আটক করা হয়। এসব পণ্য খুলনার মুনস্টার পলিমার এবং অপর একটি মালিকানার প্রতিষ্ঠান থেকে চোরাইপথে খোলাবাজারে বিক্রির লক্ষ্যে পুরান ঢাকায় নিয়ে যাচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৮৫ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা।

আরো পড়ুন: নুসরাতের মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত চেয়ে চিঠি

আটক পণ্যের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমআই