আগামী ২-৫ ফেব্রুয়ারি, ২০১৮ নেপালের পোখারা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় ৩৫টি দেশের ৪০০'র অধিক চলচ্চিত্রের মধ্য থেকে ৩০টি দেশের মোট ১৩টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখিস্তান, সিরিয়া, চিলি, সার্বিয়া, মিশরের নির্মাতাদের চলচ্চিত্র স্থান পেয়েছে।
উৎসবের জুরির দায়িত্ব পালন করবেন পেং শিয়াওলিয়ান (চায়না), শুজো ইচিয়ামা (জাপান), ভিমুক্তি জয়াসুন্দরা (শ্রীলংকা), খলিল বেনিকারেন (কাতার), অশোক রানে (ভারত), মিন বাহাদুর ভাম (নেপাল)।
উৎসবে বাংলাদেশ থেকে তামান্না সেতুর গল্প এবং খন্দকার সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ এবং সুপিন বর্মনের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "পোস্ট মাষ্টার" প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
নির্মাতা খন্দকার সুমন জানান, ‘‘শ্রেণী বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবন যাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়। ভিন্নতার মাঝেও মানবিক আবেগ অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, জীবনের টানপোড়নের গল্পগুলো শ্রেণী কাঠামোর উর্দ্ধে অদ্ভুতভাবে একই রকমের গল্প তৈরী করে। বিভাজিত শ্রেণীর ভিন্ন দুজন মা ও সন্তানের দূরত্ব, নৈকট্যের আকুতি, ভালবাসার আকাঙ্খায় কোন পার্থক্য তৈরী করে না। অঙ্গজ চলচ্চিত্র সমাজে আরোপিত ভিন্নতার খোলসের ভিতর থেকে মা-ছেলের সম্পর্কের চিরায়ত মানবিক সেই গল্পটাকেই হাজির করেছে পর্দায়।”
চলচ্চিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় হোসেন, সাইদুর রহমান রওনক। আইডিয়া এক্সচেঞ্জ এর পরিবেশনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন, চিত্রগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল, সংগীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পন।
ইত্তেফাক/আনিসুর
