দেশের সর্ববৃহৎ সমাবর্তনের প্রস্তুতি নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসের প্রতিটি চত্বরে লেগেছে নতুনত্বের পরশ। দীর্ঘ ১৬ বছর পর আসন্ন ৭ জানুয়ারির চতুর্থ সমাবর্তনকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের ২৩টি উপকমিটি ও আইন শৃঙ্খলা-বাহিনীর ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা যৌথভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইবি প্রতিষ্ঠার ৩৮ বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবর্তন আসন্ন ৭ জানুয়ারি। ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় প্যান্ডেল। সমাবর্তনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে সফল করতে প্রশাসন ২৩টি উপকমিটি গঠন করেছেন। প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানকে আহ্বায়ক করে ২২ সদস্য বিশিষ্ট আইন শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনী, গোয়েন্দাবাহিনী, রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী (এস এস এফ) সহ সাদা পোশাকধারী বাহিনী।
এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও যেকোনো অপ্রীতিকর কর পরিস্থিতি এড়াতে সিসি ক্যামেরার পাশাপাশি স্থাপন করা হয়েছে স্পাই ক্যামেরা। সমাবর্তনে ৯ হাজার ৩ শ' ৭২ জনকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন। যেখানে প্রায় সব মিলে প্রায় ১২ হাজার লোকের উপস্থিত হবেন। এছাড়াও বিগত ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ৫টি অনুষদের ৮১ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হবে।
সমাবর্তনে উদ্বোধনের অপেক্ষার রয়েছে শেখ রাসেল আবাসিক হল, দশরত্ন শেখ হাসিনা আবাসিক হলের দ্বিতীয় ফেস, জাতির পিতা বঙ্গবন্ধুর একটি নান্দনিক ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধের দৃষ্টিনন্দন ফোয়ারা।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ। এসময় বক্তা হিসেবে বিশিষ্ট সাইন্স ফিকশন লেখক বিজ্ঞানী প্রফেসর ড. মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান, ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সহ বিভিন্ন শ্রেণির সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফের ড. মাহবুবর রহমান বলেন, 'সকল ধরণের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলার পাশাপাশি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'আমার জানা মতে আসন্ন ৭ জানুয়ারি সমাবর্তন দেশের সর্ববৃহৎ সমাবর্তন। ইতোমধ্যে আমারা সমাবর্তনের সকল কার্যক্রম গুছিয়ে নিয়েছি। সমাবর্তনকে সুন্দর, সুষ্ঠু ও সফল করতে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।'
ইত্তেফাক/জামান
