হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বুধবার দুপুরে বিরল প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। ৮০ কেজি ওজনের ডলফিনটি লম্বায় প্রায় সাড়ে ৭ ফুট। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ স্লুইস গেট এলাকায় এটি উদ্ধার করা হয়। 
 
ওই এলাকার তামিম ও মুন্না জানান, দুপুরের দিকে নদীর চরে মৃত অবস্থায় ডলফিনটি দেখা যায়। উপজেলা মৎস্য অফিসে খবর দিলে তাদের পরামর্শে সেটিকে সেখানে নিয়ে যাওয়া হয়। ডলফিনের গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। 
 
হাটহাজারী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী মনিরুল ইসলাম বলেন, আপাতত ডলফিনটি আমাদের কার্যালয়ে রয়েছে। এটি পুরুষ জাতের ডলফিন। কোন জলযানের টার্বাইনের আঘাতে হয়তো এটির মৃত্যু হয়েছে। 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, এটি মিঠা পানির শুশুক প্রজাতির ডলফিন। ইঞ্জিনচালিত নৌকার আঘাতে কিংবা অসুস্থতাজনিত কারণে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে।
 
ইত্তেফাক/ইউবি