ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বিভিন্ন সংযোগ প্রকল্পে ভারত ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদীর উপর প্রস্তাবিত সেতু তেমনি একটি প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরা এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে।
ভারতীয় হাই কমিশনার আরো বলেন, ফেনী নদীর উপর সেতু নির্মিত হলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পর্যটন সম্ভাবনা আরো সম্প্রসারিত হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বুধবার দুপুরে পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রাচীন সীমান্ত শহর রামগড় সফরে এসে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ মন্তব্য করেন।
রামগড়ে পৌছে তাঁরা দুপুর সোয়া একটায় প্রথমে রামগড় পৌর ভবনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সেতুমন্ত্রী ও ভারতের হাইকমিশনার রামগড়ের মহামুনি ও ত্রিপুরার সাব্রুম এলাকায় স্থলবন্দর চালুর লক্ষ্যকে সামনে রেখে ফেনী নদীর ওপর নির্মানাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর কাজের পরিদর্শনসহ সংশ্লিষ্ট বেশ কিছু কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
ইত্তেফাক/ইউবি
