২১ আগস্ট হামলা : পলাতক আসামি পক্ষে যুক্তিতর্ক চলছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯
 
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন আজ অব্যাহত রয়েছে।
 
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। যুক্তিতর্কের ২৭ তম দিনে পলাতক ১৮ আসামির মধ্যে হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার, পলাতক মো, খলিলের পক্ষে এডভোকেট খলিলুর রহমান খান, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে এডভোকেট আশরাফ-উল আলম, বিএনপি নেতা পলাতক হারিছ চৌধুরীর পক্ষে এডভোকেট আবু তৈয়ব ও পলাতক আনিসুল মোরসালিনের পক্ষে এডভোকেট সাখাওয়াৎ হোসেন যুক্তিতর্ক পেশ শেষ করেন। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
 
পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত এ আইনজীবীরা, তাদের আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক পেশ করেন।
 
এর আগে গত ১ জানুয়ারি মামলার আসামিদের আইন অনুযায়ি সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক পেশ শেষ করে। ওইদিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান আইনি পয়েন্টে যুক্তি পেশ করেন। মামলার সকল আসামির বিরুদ্ধে আনীত অপরাধ স্বতন্ত্র, নিঃস্বার্থ, দালিলিক ও পারিপার্শ্বিক সাক্ষীদের দ্বারা দেয়া সাক্ষ্যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন প্রধান কৌঁসুলি। 
 
তিনি আদালতে বলেন, ন্যায়বিচারের স্বার্থে বিচার প্রার্থী মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আইনের বিধানের আলোকে আসামিদের প্রত্যেককে সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি।’ এর আগে মামলায় সাক্ষিদের দেয়া জবানবন্দির আলোকে (ফ্যাক্ট) যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। 
 
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ২৩ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২২৫ জন সাক্ষি (পিডব্লিউ) ও আসামিপক্ষে ২০ জনের সাফাই সাক্ষ্য (ডিডব্লিউ) পর্যালোচনা করে আদালতে যুক্তিতর্কে পেশ শেষ করা হয়।
 
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কোঁসুলি সৈয়দ রেজাউর রহমান, স্পেশাল পিপি মো. আবু আব্দুল্লাহ ভুঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, ফারহানা রেজা, মো. আমিনুর রহমান, আবুল হাসনাত, কাজী ইলিয়াসুর রহমান, আশরাফ হোসেন তিতাস প্রমুখ। বাসস
 
ইত্তেফাক/কেকে