হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি'র ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২১:০৫
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা শেষে গুলশানের বাসায় ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে বিএনপির ১০-১২ জন কর্মী। পুলিশ তিন জনকে আটক করেছে। 
 
বুধবার বেলা সোয়া ৩টার দিকে হাইকোর্টের মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওনা করার সময় বিগত দিনের মতো বুধবারও খালেদা জিয়ার বহরে বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেয়। গাড়িবহর হাইকোর্ট মাজার গেট অতিক্রম করার পর পেছন থেকে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
 
পরে হাইকোর্টের সামনে অবস্থিত কদম ফোয়ারা, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে রূপসী বাংলা হোটেলের দিক দিয়ে গুলশানের বাসভবনের উদ্দেশে চলে যান খালেদা জিয়া। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেট এলাকা থেকে বারাকাত আলম ও রনি নামে বিএনপির দুই কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআই