জামালপুরে দুইজন বিচারিক হাকিমের ওপর হামলা ও মারধরের মামলায় ২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিচারিক আদালত। গত ৩ জানুয়ারি বুধবার বিচারিক হাকিম সোলায়মান কবীর এই রায় প্রদান করেন।
সুত্রে জানা গেছে, গত বছরের ১৪ জুন ঈদের সময় শহরের তমালতলায় অবস্থিত মিতালী মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউজে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম এ বি এম গোলাম রসুল, জৈষ্ঠ্য বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামান কেনাকাটা করতে যান। দোকানীরা তাদের চিনতে না পেরে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় অফিস সহায়ক মো: মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৪ জন আসামির ১৬৪ ধারায় জবানবন্দী ও ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর প্রধান আসামি মো: মোতাহারসহ ২৬জনকে বিভিন্ন ধারা দেখিয়ে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড ও জরিমানা আদায়সহ সাজা প্রদান করা হয়েছে। অপর ৪ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
বিচারিক আদালতের অতিরিক্ত পি.পি. অ্যাড: মো: আনোয়ার হোসেন জানান, এই দৃষ্টান্তমূলক শাস্তিতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। রায়টি দ্রুত কার্যকর করে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা হোক।
ইত্তেফাক/নূহু
