তিন নির্মাতা ও তিন চিত্রনাট্যকারের এক ধারাবাহিক ‘মন পবণের নাও’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১০:০৮
 
প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন দেশের ৩ জন বরেণ্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম ও অমিতাভ রেজা। নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন তারা।
 
‘মন পবণের নাও’ শিরোনামে ধারাবাহিকটি ১৫ পর্বে নির্মিত হবে। ৩ জন নির্মাতার প্রত্যেকে ৫টি করে পর্ব নির্মাণ করবেন।
 
বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই শুটিং শুরু হবে। নাটকটির আরো একটি চমক হচ্ছে, নাটকের গল্পও লিখেছেন ৩ জন চিত্রনাট্যকার। মেজবাহ উদ্দীন সুমন, ইফফাত আরেফীন তন্বী ও মনিরুল ইসলাম রুবেল লিখেছেন গল্পগুলো।
IMG0
নাটকটি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নতুন একটি অভিজ্ঞতা এটি। নতুন আয়োজনে একটি কাজ হতে যাচ্ছে। এদিকে, আমার স্বপ্নজাল ছবিটি মুক্তি পাচ্ছে আগামী মাসে। সব মিলিয়ে ভালো কিছু দিয়ে বছরটা শুরু করলাম।’
 
নাটকটি প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলেই ধারাবাহিকটির শুটিং শুরু করে দেবো। দর্শকদের ভালো একটি ধারাবাহিক উপহার দিতেই আমরা একত্রিত হয়েছি।’
 
ইত্তেফাক/আনিসুর