নির্মাতাদের দোষ দিয়ে লাভ নেই, চ্যানেলগুলো মানহীন নাটক প্রচার করে কেন?
আবুল হায়াত। বর্তমানে তিনি ব্যস্ত ধারাবাহিক নাটক নিয়ে। এছাড়া তিনি অভিনয়ের পাশাপাশি লিখছেন বই। আসছে বইমেলায় তার বেশকিছু বই প্রকাশিত হবে। এসব বিষয়সহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে।
অভিনয়ের পাশাপাশি আপনি লেখালেখিও করেন অনেক আগে থেকে। বিগত বইমেলাগুলোতে আপনার বেশকিছু বইও প্রকাশিত হয়েছে। এই বইমেলায় নতুন কোনো বই প্রকাশিত হবে?
আমি শখের বসে লিখি। বলতে পারেন শখের লেখক। এবারের বইমেলাতে আমার রচিত ৪টি বই প্রকাশিত হবে। যার মধ্যে একটি হলো ‘মিতুর গল্প’। এটি গল্পের বই। এখানে ৩টি বড় গল্প রয়েছে। মানুষের মনের ভাব প্রকাশ করার তো কত মাধ্যমই আছে। আমার কাছে মনে হয় এটি একটি মাধ্যম। অনেক সময় অনেকে অনুরোধ করেন। এরপর একটা সময় গিয়ে গল্প লেখা শুরু করেছি। যদিও এরমধ্যে আমার লেখা প্রায় ৩০টি বই প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এই বইমেলায়ও প্রকাশিত হবে। এক কথায়, অভিনয়ের পাশাপাশি লেখালেখি করে যেতে চাই।
এবার আপনার অভিনয় ব্যস্ততা সম্পর্কে বলুন—
বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি এখন। এছাড়া আমার পরিচালনায় একটি ধারাবাহিক প্রচার হচ্ছে। সব মিলিয়ে আমার বর্তমান ব্যস্ততা ধারাবাহিক নাটক নিয়েই।
ধারাবাহিক নাটক নিয়ে দর্শকদের অভিযোগ আছে, এখনকার ধারাবাহিকগুলো গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। বিষয়টি নিয়ে কী বলবেন?
এই প্রশ্নটা টিভি মালিকদের করলে ভালো হয়। নির্মাতাদের দোষ দিয়ে লাভ নেই, চ্যানেলগুলো মানহীন নাটক প্রচার করে কেন? একটা ভালো নাটক তো আর এমনি এমনি আসে না। ভালো বাজেট দরকার, ভালো গল্প দরকার। ভালো পরিচালক দিয়ে নাটক বানালে তো ভালো হবেই। এছাড়া গল্পের মধ্যে টিভি কর্তৃপক্ষ হাত দেওয়া বন্ধ করতে হবে। তবে ভালো নাটক হচ্ছে না, এমন তো না।
IMG0
কিন্তু খুব কম ধারাবাহিক আছে, যেগুলো নিয়ে দর্শকরা প্রশংসা করছেন...
দর্শকরা আমাদের নাটকের চাইতে ভিনদেশি সিরিয়াল বেশি দেখে। আর আমাদের নাটক না দেখেই অনেকে অনেক মন্তব্য করে থাকেন। তাদেরকে বলবো, নাটক দেখে তারপর সমালোচনা করুন। ভালো খারাপ সবসময় ছিল, এখনো আছে। সবাই চায় ভালো কাজ করতে।
নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?
না, আপাতত নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছি না।
বর্তমান সময়ের তরুণ অভিনয়শিল্পীদের সাথে কাজ করে এবং তাদের কাজ দেখে আপনার কী মনে হয়?
তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে আমি খুবই সন্তুষ্ট। ওরা বেশ ভালো করছে। তাদের মধ্যে এক ধরনের নতুনত্ব সৃষ্টির চেতনা থাকে। যেটা বয়স্কদের মধ্যে থাকে না। এটির তো প্রশংসা করতেই হবে।
ইত্তেফাক/আনিসুর
