ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকার স্টার ব্রিকস'র সামনে সড়ক দুর্ঘটনায় নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ঝিনাইদহ সরকারি কে সি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে বৈডাঙ্গা স্টার ব্রিকস ইটভাটার সামনে একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি ঝুঁকিপূর্ণ থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
ইত্তেফাক/জামান
