জয়পুরহাট জেলায় কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শীত মোকাবেলায় সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৪ হাজার কম্বল বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলায় বৃহস্পতিবার ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেলায় শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র মানুষ। জয়পুরহাট গত দু’দিনে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ছিন্নমূল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ভিড় বেড়েছে কমদামী কাপড়ের রেলওয়ে হকার্স মার্কেটে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার জেলায় ১১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও তা বৃহস্পতিবারে নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। সূর্যের আলো দেখা গেলেও শীতের তীব্রতায় তা বুঝা যাচ্ছেনা। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সাধারণ মানুষ উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে শীতের তীব্রতায়।
সূত্র আরো জানায়, শীতের তীব্রতায় আলুতে লেটব্রাইট নামক এক প্রকার সত্রাকের আক্রমণ হওয়ার আশংকা বেশি থাকে। এ সত্রাকের আক্রমণ থেকে আলু ক্ষেতকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষক পর্যায়ে সতর্কতা মূলক লিফলেট বিতরণ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।
ইত্তেফাক/এমআর
