৫ জানুয়ারি বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত 'বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও এবং পদ্মা সেতু নিয়ে বেগম খালেদা জিয়ার বিরূপ মন্তব্যের প্রতিবাদে' মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে অপচেষ্টা করা হয়েছিল সেই অপচেষ্টাকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা হয়েছিল। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকালের দিনটিকে সমগ্র দেশে গণতন্ত্র সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যারা ২০১৪ সালের ৫ই জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল তারা সেদিন সংসদীয় গণতন্ত্রকে কবর দিয়ে নির্বাচনকে বানচাল করে বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে একটি বিশেষ ধরনের সরকার প্রতিষ্টা করার জন্য ষড়যন্ত্র করেছিল তারা অাগামীকাল গণতন্ত্র হত্যা দিবস অথ্যাৎ তারা গণতন্ত্রটাকে হত্যা করতে চেয়েছিলেন পারেন নাই বিধায় তারা এই নামে সেটি পালন করার চেষ্টা করছেন। সুতরাং আগামীকাল দেশে গণতন্ত্র হত্যা দিবসের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. অাসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।
ইত্তেফাক/এমআই
