৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় ওআইসির পর্যটন মন্ত্রীদের সম্মেলন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২০:৫৪
 
অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত  দেশসমূহের  পর্যটন মন্ত্রীদের  ১০ম সম্মেলন আগামী  পাঁচ থেকে সাত ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ  সম্মেলন উদ্বোধন করবেন। ২০১৫ সালের ২১-২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামিতে অনুষ্ঠিত নবম সম্মেলনে  সর্বসম্মতভাবে ১০ম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
 
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
 
সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটন ভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হেরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এ সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা  হয়।
 
সভায় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক ও মন্ত্রণালয় এবং দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ