শার্শায় সরকারি আবাসন প্রকল্পের ৩০ ঘর পুড়ে গেছে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২০:৫৮
 
শার্শার একটি সরকারি আবাসন প্রকল্পে আগুন লেগে অন্তত ৩০ বাড়িঘর পুড়ে গেছে। বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, বুধবার রাতে শার্শার উলাশি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উলাশী-গিলাপোল সরকারি আবাসন প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০টি পরিবারের অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
 
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রান্না ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে। 
 
স্থানীয় উলাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইনাল হক জানান, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া।
 
পরে তারা স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার সকালে প্রতিটি পরিবারের হাতে টাকা, শাড়ি-লুঙ্গি, কম্বল ও চাল, আলু এবং ডাল দেওয়া হয়।
 
ইত্তেফাক/অারকেজি