বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাদিবসে সকল পরীক্ষা বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনিবার্যকারণ দেখিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পরীক্ষা বন্ধের তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাদিবসে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে শাখা ছাত্রলীগ। প্রতিটি কর্মসূচিতে সকল শিক্ষার্থীদের অংশ্রগ্রহণ নিশ্চিত করতে বৃহস্পতিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত করার জন্য প্রশাসনকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল ছাত্রলীগ। এর পরিপেক্ষিতে বুধবার বিকেলে পরীক্ষা বন্ধের তাৎক্ষণিক নির্দেশটি ছাত্রবিষয়ক উপদেষ্টা পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে ডিন কাউন্সিলের আহ্বায়ককে জানান।
স্থগিত পরীক্ষা কবে হবে, পরীক্ষা বন্ধের নোটিশে তাও জানানো হয়নি। দায়সাড়া সে নোটিশে স্থগিত পরীক্ষা যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়। এদিকে হঠাৎ পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাদিবসে ক্লাস-পরীক্ষা হলে বিশৃঙ্খলার হতে পারে ছাত্র বিষয়ক উপদেষ্টা এমন কথা জানালে আমি পরীক্ষা স্থগিত করতে রাজি হই।
ইত্তেফাক/আরকেজি
