এমপিওভুক্তির দাবিতে টানা পঞ্চম দিন অনশন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:১৯

এমপিওভুক্তির দাবিতে টানা পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন চলাকালে ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর দিকে, ১০ জন শিক্ষক অসুস্থতাবোধ করলে ঘটনাস্থলে তাদের স্যালাইন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে নন-এমপিও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তানজিম উদ্দিন, মোসাইদা সুলতানা ও ফাহমিদুল হক প্রমুখ।

দিলীপ বড়ুয়া বলেন, শিক্ষকদের দাবি উপেক্ষা করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব নয়। চার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ব্যাংক থেকে। তাহলে শিক্ষকদের জন্য এক হাজার কোটি টাকা কেন ভর্তুকি দেবে না সরকার।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০১০ সালে এমপিওভুক্ত করার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করার দায় দায়িত্ব এখন কে নেবে ?

ফজলে হোসেন বাদশা শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষক বা সমাজের জন্য শুভকর নয়। আমি শিক্ষামন্ত্রীর প্রতি আবেদন জানাই, শিক্ষকদের দাবি পুনরায় বিবেচনা করুন।

এদিকে ৩১ ডিসেম্বর থেকে টানা এ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত ১০১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অনশনস্থলে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ গিয়ে তাদের অনশন ভাঙাতে চাইলেও তার দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

ইত্তেফাক/নূহু