অস্ট্রেলিয়ান ওপেন

মারে নেই শঙ্কায় জকোভিচও

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৫
 
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন অ্যান্ডি মারে। আগামী ১৫ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম।
 
সাবেক নাম্বার ওয়ান মারে বলেন, ‘দুঃখজনক। আমি এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারব না। কারণ এখনও প্রতিযোগিতায় নামার মতো প্রস্তুত নই। যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। শীঘ্রই কোর্টে ফেরার আশা করছি।’
 
গত বছর উইম্বলডনের পর আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি মারে। আগস্টে অনুষ্ঠিত ইউএস ওপেনে ফেরার চেষ্টা করলেও বিদ্যমান নিতম্ব ইনজুরির কারণে তা সম্ভব হয়নি। সর্বশেষ গত সপ্তাহে আবুধাবিতে একটি এক সেটের প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন স্কটিশ তারকা।
 
ছয় মাসেও পুরোপুরি ফিট না হয়ে ওঠায় হতাশ মারে। ইনস্টাগ্রামে প্রদত্ত পোস্টে সার্জারির প্রতি নিজের অনীহার কথা জানিয়েছিলেন তিন বারের গ্র্যান্ড স্লামজয়ী। কিন্তু এখন সেটাই মনে হচ্ছে বাস্তবতা।
 
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার সম্ভাবনা আছে নোভাক জকোভিচেরও। পরবর্তী সপ্তাহে দু’টি প্রদর্শনী টুর্নামেন্ট খেলবেন সার্বিয়ান তারকা। যার উপর নির্ভর করবে তিনি বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলবেন কি খেলবেন না। কনুইয়ের ইনজুরির কারণে ছয় মাস যাবৎ কোর্টের বাইরে আছেন তিনি।
 
ইনজুরি হানা দিয়েছে জাপানিজ তারকা কেই নিশিকোরির ঘরেও। কব্জির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না তাকে। মেলবোর্নে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলা তারকা আগস্ট থেকে কোর্টের বাইরে আছেন।-বিবিসি
 
ইত্তেফাক/এমআর