কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় ৫জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। তাদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন- মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৮), শিবচরের জাহাঙ্গীর ফরাজীর ছেলে নাসের ফরাজি (৩২), শরীয়াতপুরের ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের মজিদ হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৩৯) ও নীলফামারীর ডোমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর ছেলে মো. রানা (২৭)। তাদের কাছ থেকে মাইক্রোবাস, হাতকড়া, ডিবির পোশাক ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
