ভারতের আসাম রাজ্যের নিষিদ্ধ চরমপন্থী গোষ্ঠী উলফার সদস্য ৬৩ মামলার ফেরারি আসামি আমিনুল ইসলাম ওরফে জাকির মাতব্বেকে (পাগলা আটাংক) আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে জগতবেড় ইউনিয়নে কাশিরডাঙ্গা গ্রামে সাহাজুল ইসলামের বাড়িতে আত্মগোপনে রয়েছেন এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। সাহাজুল ইসলামের ছেলে গরুপারাপারকারী আব্দুর রশিদের বন্ধু আমিনুল।
আমিনুলের কাছ থেকে ৪৮ রাউন্ড গুলি ও বিদেশি পেট্রো বেরেটা ৭.৬৫ অটোমেটিক পিস্তল পাওয়া যায়। তিনি আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলার গোরাইগাঁও থানার মাটিয়াপাড়া গ্রামের বাবলু মাতব্বরের ছেলে। আমিনুল ও রশিদকে (৩৫) আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, আব্দুর রশিদ ভারতে আটক হয়ে চোরাকারবারি মামলায় হাজতবাস খাটার একই সময় ভারতীয় নাগরিক আসাম রাজ্যের নিষিদ্ধ চরমপন্থী গোষ্ঠী উলফার সদস্য আমিনুলের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয়। এ সুবাদে আত্মগোপনে আসেন তিনি।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ অবনি শংকর কর বলেন, আমিনুলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় ৬৩টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে আড়াই মাস আগে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে প্রবেশ করেন। একাধিক এলাকা ঘুরে মাসখানেক আগে রশিদ বন্ধুর বাড়ি আসেন। পুলিশ প্রকৃত তথ্য উৎঘাটনে চেষ্টা করছে।
ইত্তেফাক/আরকেজি
