বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় এমপির উপস্থিতিতে পদ বঞ্চিত যুবলীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ গোলাম ফারুকের বক্তব্য চলাকালীন যুবলীগের পদ বঞ্চিত কর্মীরা মিছিল সহকারে সভাস্থলে প্রবেশ করে উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজার ওপর চেয়ার নিয়ে অর্তকিত হামলা চালায়।
এসময় তাকে রক্ষা করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ আহত হন। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল হুদা তালুকদার, মুন্তাকিম লস্কর কায়েস, সুমন রায় সুমন, মাসুম বিল্লাহ, বাপ্পী, যুবলীগ কর্মী মনির মল্লিক, তপু তালুকদার ও র্যাবের অস্ত্র মামলায় ১০বছরের সাজা প্রাপ্ত আসামি তপু এ হামলা চালায়।
ইত্তেফাক/আরকেজি
