স্মিথ-খাজার ব্যাটে অস্ট্রলিয়ার লড়াই

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:১৭
স্টিভেন স্মিথ ও ওসমান খাজার দুর্দান্ত ব্যাটিংয়ে সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম ইনিংসে বড় স্কোরের আভাস দিচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই সিরিজে ইতোমধ্যেই স্মিথ তিনটি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ব্যাট হাতে উজ্জ্বল স্মিথ শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরিরই ইঙ্গিত দিচ্ছেন। আজ শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৪৬ রানের জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ান সংগ্রহ দুই উইকেটে ১৯৩। স্মিথ ৪৪ ও খাজা সিরিজের সর্বোচ্চ রানসহ ৯১ রানে অপরাজিত আছেন। 
 
ওপেনিং জুটি ক্যামেরুন ব্যানক্রফট (০) ও ডেভিড ওয়ার্নারকে (৫৬) হারানোর পরে স্মিথ-খাজা জুটি তৃতীয় উইকেটে ১০৭ রানে অপরাজিত জুটি গড়ে তুলেন। মঈন আলীর বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে খাজা সিরিজের তৃতীয় হাফ-সেঞ্চুরি সংগ্রহ করেন। 
 
৫৬ রানে এন্ডারসনের বলে উইকেটে পিছনে বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেবার আগে ওয়ার্নার সিরিজের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন। তার আগে অবশ্য মাত্র সাত বলে কোন রান না করেই স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার ব্যানক্রফট। 
 
এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৩৩ রানে দিন শেষ করা ইংল্যান্ডে ইনিংস মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায়। সকালের সেশনে নতুন খেলোয়াড় টম কারানের ৬৫ বলে ৩৯, মঈন আলী ৩০ ও ব্রডের দুই ছক্কায় ৩২ বলে ৩১ রানের ইনিংসে ইংল্যান্ড দ্রুত স্কোরবোর্ডে রান সংগ্রহ করে। আগেরদিন ৫৫ রানে অপরাজিত থাকা ডেভিড মালান আর মাত্র সাত রান যোগ করে মিশেল স্টার্কের বলে স্মিথের হাতে ধরা পড়েন।
 
কিন্তু অস্ট্রেলিয়ান ফিল্ডাররা এরপর মাত্র চার বলের ব্যবধানে দুটি ক্যাচ ফেলে দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। ন্যাথান লায়নের বলে মিড-অনে কামিন্স কারানের (২১) ও কামিন্সের পরের ওভারে মিড-অনে মঈন আলীকে (২২) জীবন ফিরিয়ে দেন জোস হ্যাজেলউড। চলতি সিরিজে এই নিয়ে ১১টি ক্যাচ ড্রপ করলো অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। 
 
ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিক অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
 
ইত্তেফাক/কেআই